জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় জামায়াতে ইসলামীর ১৫ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা কুলকান্দি ইউনিয়নের খাঁনবাড়ী এলাকায় দলীয় কার্যালয়ে ইসলামপুর আসনের বিএনপির মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম খান ফরহাদ’র হাতে ফুল দিয়ে তারা দলে যোগ দেন। যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে বরণ করা হয়।
যোগদানকারী নেতাদের মধ্যে ছিলেন—কুলকান্দি ইউনিয়নের জিগাতলা ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি এরশাদ খন্দকার, সেক্রেটারি নাছিম উদ্দিন, সহসভাপতি সোনাহার খন্দকারসহ ১৫ নেতাকর্মী।
এরশাদ খন্দকার বলেন, “দীর্ঘদিন জামায়াতের রাজনীতি করেছি। এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান’এর ছোট ভাইয়ের নেতৃত্বে বাকি জীবন বিএনপির রাজনীতি করতে চাই।”
অন্যদিকে কুলকান্দি ইউনিয়নের জামায়াত সভাপতি মো. আব্দুল মালেক কালবেলা বলেন, “১ নম্বর ওয়ার্ডে এরশাদ খন্দকারকে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু তারা কোনো কাজ করেনি। জামায়াতে কোনো সুযোগ না থাকায় তারা অন্য দলে যোগ দিয়েছেন। আমাদের বলার কিছু নেই।”
ইসলামপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম খান ফরহাদ বলেন, “বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের স্বাধীনতার পক্ষে থাকার কারণে তারা আমাদের দলে যোগ দিয়েছেন। আজকে যারা জামায়াত থেকে বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই। তবে আজ আমাদের মনটা ভালো নয়। বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। বারবার মৃত্যুর দ্বার থেকে আল্লাহ তাকে আমাদের মাঝে ফিরিয়েছেন। সবাই দেশনেত্রীর জন্য দোয়া করবেন।”
এই সময় উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ লিটন, কুলকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহমুদ হাসান ফিরুজ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক পনির আহম্মেদ, বেলগাছা ইউনিয়নের সাবেক সভাপতি নুরে আলম, সাবেক জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকারিয়া মন্ডল, মিল্টন ও শামিম।





